মেসিকে ছাড়াই আর্জেন্টিনা শিরোপার দাবিদার: এনদ্রিক

আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। এবারের আসরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। লিওনেল মেসি ও অ্যানহেল ডি মারিয়া দলে থাকায় অনেকেই আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখছেন। ব্রাজিলের নতুন তারকা এনদ্রিকও আর্জেন্টিনাকে অন্যতম শীর্ষ ফেবারিট দল হিসেবে বিবেচনা করছেন। এনদ্রিক ফেলিপে মোরেইরা ডি সৌজা, যাকে বলা হচ্ছে ব্রাজিলের ফুটবলের আগামী প্রজন্মের সুপারস্টার। এই জুলাইয়ে ১৮ বছর পূর্ণ হলেই তিনি বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। বর্তমানে স্বদেশি ক্লাব পালমেইরাসে খেলা এনদ্রিক ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখতেন। মূলত প্লে স্টেশনে রিয়ালের গেম খেলতে খেলতেই তার এই ভালোবাসার জন্ম। বয়স ১৮ পূর্ণ হওয়ার আগেই ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়েছে এনদ্রিকের, এবং জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই গোল করেছেন তিনি। রূপকথার মতো শুরু হয়েছে তার ক্যারিয়ার। এখন তিনি অপেক্ষা করছেন জুনে ব্রাজিলের জার্সি গায়ে কোপা আমেরিকায় খেলার এবং ব্রাজিলের হয়ে শিরোপা পুনরুদ্ধার করার জন্য। তবে কাজটা সহজ হবে না। টুর্নামেন্টে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও অংশ নিচ্ছে। এনদ্রিক বিশ্বাস করেন, আর্জেন্টিনা সবসময়ই যে কোনো টুর্নামেন্টের ফেবারিট, এমনকি সেই দলে লিওনেল মেসি না থাকলেও। পালমেইরাসে অনুশীলনের সময় দিয়ারিও ওলেকে এনদ্রিক বলেন, ‘আর্জেন্টিনা দলে সবসময়ই কোনো না কোনো তারকা থাকেন এবং তাদের কেউই একা চ্যাম্পিয়নশিপ জেতাননি। এমনকি মেসিকে ছাড়াও আর্জেন্টিনা সবসময় যে কোনো টুর্নামেন্টে ফেবারিট থাকবে। তাদেরকে হারানো সবসময়ই কঠিন ব্যাপার।’ আর মাত্র কিছুদিনের অপেক্ষা, এরপরেই স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এনদ্রিক। তিনি সবসময় এই ক্লাবে খেলার স্বপ্ন দেখেছেন, যা শুরু হয়েছিল প্লে স্টেশনে রিয়াল মাদ্রিদকে নিয়ে খেলার সময় থেকেই। রিয়াল মাদ্রিদে তার স্বদেশি ভিনিসিউস জুনিয়রও খেলছেন, যিনি গত কয়েক মৌসুমে ক্লাবের সবচেয়ে উন্নতি করা খেলোয়াড় হিসেবে বিবেচিত। ভিনিসিউস এই মৌসুমে ব্যালন ডি’অর জয়ের দৌড়েও আছেন। এনদ্রিক জানিয়েছেন, ভিনিসিউসের কাছ থেকে তিনি অনেক সাহায্য পান। তিনি বলেন, ‘ভিনি আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছিল। শহর (মাদ্রিদ), ক্লাব এবং স্কোয়াড সম্পর্কে অনেক কিছু বলেছে... এবং সে আমাকে নিশ্চিতভাবেই আরও সাহায্য করবে, বিশেষ করে মাঠে।’

Post a Comment

Previous Post Next Post