দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল। বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার অবসর নেওয়ার কয়েকদিনের মধ্যেই আবার তা ভেঙ্গে খেলায় ফেরেন। তবে দুটি ম্যাচ খেলার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে যেতে হয়েছে তাকে। তারপর এক বছর পেরিয়ে গেছে। আবার আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন কিংবা ফিরবেন কিনা তা নিয়েই জল্পনা-কল্পনা।
এমনকি গুঞ্জন রয়েছে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বেও আসতে পারেন। এর মধ্যেই এক ভিডিও বার্তায় তামিম জানালেন অক্টোবরেই মাঠে নামছেন তিনি। আমেরিকায় ন্যাশনাল লিগ ক্রিকেটে খেলবেন তিনি। সেই আসরে খেলবেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানও। অর্থাৎ দুই পুরনো সতীর্থের আবার দেখা হচ্ছে মার্কিন মুলুকে।
সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশে একটি হত্যা মামলার আসামি। তিনি এরপরও খেলছেন পাকিস্তান সফরে টেস্ট। দেশে ফিরলেই তাকে আটক করা হতে পারে এমন আলোচনা চারিদিকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার আগে পর্যন্ত সাকিব খেলতে পারবেন। তার সঙ্গে তামিমের দ্বন্দ্ব অনেক বেড়ে যায় গত বছর ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে। যদিও সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াননি তারা।
এর মধ্যে তামিমও এখন জাতীয় দলের বাইরে। অবশ্য ঘরোয়া ক্রিকেটের সব আসরেই খেলছেন তিনি। ইতোমধ্যে আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট ছাড়েননি। তাই সবাই তার ফেরার অপেক্ষায় আছে। গত মে মাসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলেছেন তামিম। তারপর থেকে মাঠের বাইরে। কবে ফিরবেন তিনি?
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেট খেলবেন তিনি। আসরটি অক্টোবরে অনুষ্ঠিত হবে ৬০ বলের ফরম্যাটে। অর্থাৎ টি-১০ টুর্নামেন্ট হবে সেটি। এই আসর আগামী ৪ থেকে ১৪ অক্টোবর আয়োজিত হবে ৬ দল নিয়ে। আয়োজন করছে ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাস।
সাকিব আল হাসানও এই আসরে খেলবেন সেটি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তিনিও চুক্তিবদ্ধ হয়েছেন। তামিম-সাকিব ছাড়াও শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, মোহাম্মদ কাইফ, সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো, জেসন রয়সহ অনেক তারকা অংশ নেবেন এই আসরে।
